মুক্তমনা ব্লগার নিলাদ্রী চট্রোপাধ্যায় নিলয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা প্রগতিশীল ছাত্রজোট।
শনিবার বেলা ১২টার দিকে প্রগতিশীল ছাত্রজোটের দলীয় ট্রেন্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের আহাব্বায়ক আয়াতুল্লাহ খোমিনী। এসময় তিনি বলেন, আজ বাংলাদেশে একটার পর একটা ব্লগারকে হত্যা করা হচ্ছে।
যেখানে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে মুক্তভাবে কথা বলার জন্য সেখানে আজ বাংলাদেশ পরাধীন। মুক্তভাবে কথা বলা যাচ্ছে না। উগ্রপন্থীরা মারমুখী হয়ে ধর্মের প্রচারণা চালাচ্ছে এবং তাদের যুক্তিকে প্রমাণ করতে চাচ্ছে।
অভিজিৎ রায়, ওয়াশিক বাবু, রাজীব হায়দার ও আসিফ মহিউদ্দিনের মতো ব্লগারদের উপর তারা হামলা চালিয়েছে। সেই একই প্রক্রিয়ায় ব্লগার নিলয়কে ঘরের ভিতর ঢুকে তারাই হত্যা করেছে।
অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআই





