রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় প্রফেসর ড.মিজান উদ্দীন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড.চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর ড.সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্টার প্রফেসর ড. মু. এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন, প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, শহীদ স্মৃতি সংগ্রহশালা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাবি সাংবাদিক সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, রাবি রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টার দিকে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সকাল ৮টায় নিজ নিজ কার্যালয়ে অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন কর্মচারী সমিতির এবং গ্রন্থাগারের পূর্ব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমান্ডের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সময় বিশ্ববিদ্যালয় স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুল, রাবি স্কুল মাঠ প্রাঙ্গণে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ও কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরে সকাল সাড়ে ৯টার সময় সাবাস বাংলাদেশ চত্বরে মার্চপাষ্ট। এতে অভিবাদন গ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

এদিকে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক উনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হবে।

এমকে