চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগে প্রতিপক্ষের হামলার ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।

এদের মধ্যে দুইটি কার্তুজসহ শাটল ট্রেনে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন কনকর্ড নেতা মিজানুর রহমান মিজানকে আটক করা হয়। তিনি ইতিহাস বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটক অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি বগিভিত্তিক সংগঠন একাকারের সদস্য বলে জানা গেছে।

হাটহাজারী থানার ওসি মো. ঈসমাইল বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগের দুইজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে কনকর্ডের নেতা মিজানকে দুইটি কার্তুজ ও একাকারের এক সদস্যকে একটি রামদাসহ আটক করা হয়েছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাটল ট্রেনে কনকর্ডের কর্মীরা একাকারের কর্মীদের ওপর হামলা চালায়। এতে একাকারের ছয়জন কর্মী আহত হয়ে। দুটি সংগঠনই সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী দল।

এদিকে হামলার ঘটনার পর থেকে বিবাদমান দুইটি গ্রুপ মুখোমুখি অবস্থান করছে। এদের মধ্যে কনকর্ডের কর্মীরা শাহ আমানত হলের সামনে ও একাকারের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান করছে। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

এমকে