সদ্য ঘোষিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমুল্যায়ন করার প্রতিবাদে এবং স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে এক প্রতিবাদী র্যালি বের করে।
র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দেলন করে যাচ্ছি।
কিন্তু অতি দু:খের বিষয় সরকার আমাদের বিশ্ববিদালয় শিক্ষকদের সাথে সিলেকশন গ্রেডে বৈষম্যমূলক আচরণ করছে।
তিনি আরও বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাবো।
আমরা এখনো শান্তি পূর্ণ আন্দোলন করছি। সরকার অতি দ্রুত আমাদের দাবি মেনে না নিলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।
সমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলো হলো- অবিলম্বে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করা, রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিন্সিডেন্স এ বেতন কাঠামো অনুযায়ী শিক্ষকদেন পদমর্যাদাগত অবস্থান নিশ্চিত করা, সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করা এবং সরকারী কর্মকর্তাদের মতো সব ধরনের সুযোগ সুবিধা শিক্ষকদের জন্য নিশ্চিত করা।
এসএইচ





