অটোচালকদের মারধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থী আহতের ঘটনায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টার দিকে রাবি গণিত বিভাগের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থানসহ প্রক্টরের কাছে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর রেল স্টেশন থেকে বিনোদপুর বাজারের উদ্দেশে রাবি গণিত বিভাগের শিক্ষার্থী চঞ্চল কুমার, ইয়াকুব আলী ও লিটন একটি অটোরিকশায় আসছিল।
অটোটি তালাইমারী মোড়ে আসলে অটোচালক আর সামনে যাবে না বলে জানায়। কিন্তু শিক্ষার্থীরা তাকে বিনোদপুরে যেতে বলে।
এনিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই অটো চালকসহ সেখানকার আরো কয়েকজন অটোচালক তিন শিক্ষার্থীকে মারধর করে।
শিক্ষার্থীরা আরো জানায়, প্রায়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসচালক ও অটো চালকদের মারধরের শিকার হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে ওই চালকরা শিক্ষার্থীদের ওপর হামলা করতে কোনো দ্বিধা করছে না।
তারা যেন এই সাহস আর না করতে পারে এজন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যথাযথ পদক্ষেপ দাবি করে। এসময় তারা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে রাবি প্রক্টর তারিকুল হাসান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। আর এ ধরনের হামলার ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এ জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, 'এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং ঘটনার মূল আসামি মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান চলছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
এমকে





