প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার রাত সাড়ে ১১টায় শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

অভিযুক্ত শিক্ষার্থী শামছুল আলম বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গত ৪ আগস্ট বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সেতুর একটি প্রবন্ধ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

এরপর সেই লেখাটি ফেসবুকে শেয়ার করেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ। মুরশিদের শেয়ার করা ওই পোস্টে শামছুল আলম তার ‘করিম মামু’ নামের অপর একটি ফেসবুক আইডি থেকে আপত্তিকর মন্তব্য করেন।

এতে শামছুল আলম লিখেছেন, ‘ভাই, ভালো লিখছেন। বইটা পড়েছি। একটা সমস্যা হলো। শেখ হাসিনা এমন কোনো ভালো মানুষ হয় নাই যে, তার কাছে আল্লাহর অভয় বাণী আসবে।’

পরে গতকাল বুধবার বিকালে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে দেয়া মোবাইল নম্বরটিতে ফোন দিয়ে শামছুল আলমকে সনাক্ত করেন। পরে ছাত্রলীগ নেতারা তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়।

একই সঙ্গে তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেন তারা।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করা হবে।

কটূক্তির বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী শামসুল আলম বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি এমন মন্তব্য করেছিলাম। কারণ আমি জেনেছি যে, নবী-রাসূল ছাড়া আর কারো কাছে আল্লাহর বাণী আসে না। কিন্তু এটা কাউকে আঘাত করবে তা আমি ভাবিনি। আমি ভুল করেছি, এজন্য আমি ক্ষমা চাই।

কেএইচ