পুলিশ ও সিএনজি চালকের সাথে অসদাচরণ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার আহামেদ কৌশিক ও কর্মী তরিকুল ইসলামকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
শুক্রবার বেলা ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের উভয়কে এখন মতিহার থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার আহামেদ কৌশিক ও কর্মী তরিকুল ইসলাম ৩৫ তম বিসিএস পরীক্ষা দেয়ার জন্য মাদারবক্স হল থেকে শহরে যাওয়ার জন্য ক্যাম্পাসের প্রধান ফটকে যায়। এ সময় সিএনজি চালকের সাথে গাড়ি ভাড়া নিয়ে তাদের তর্ক হয়। এক পর্যায়ে সিএনজি চালককে তারা মারধর শুরু করে। গেটে কর্তব্যরত পুলিশ সেখানে মীমাংসা করার জন্য গেলে তারা পুলিশের সাথে ব্যাপক খারাপ আচরণ করে। এতে পুলিশ তাদের উভয়কে আটক করে মতিহার থানায় নিয়ে যায়।
এর আগে গত রোববার দুপুর দেড়টার দিকে কাওছার আহামেদ কৌশিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহাম্দে রুনু (অস্ত্রধারী), গোলাম কিবরিয়া কয়েকজন মিলে ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাওন ও তার বন্ধু (ছাত্রলীগনেতা) সজীব উভয়কে উপর্যপুরী কিল-ঘুষি ও লাথি মেরে শাওনের মাথা থেতলে দেন। পরে আহত দুইজনকেই পুলিশে সোপর্দ করে তারা।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, আমি এখন থানার বাইরে আছি। এ বিষয়ে আমার নিকট কোন তথ্য নাই। তবে আমি এখনই খোঁজ নিচ্ছি।
জেএ





