ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ (২৯ ডিসেম্বর) রোববার সকাল ৯টা ৫৫মিনিটে ঢাবিতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা রয়েছেন।
স্থানপ্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে মধুর ক্যান্টিনের সামনের তিন জায়গায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় বিকট শব্দ শোনা যায়।
প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, “যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার জন্য শিক্ষার্থীরা আসছেন। তখন একটি বিশেষ মহল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করার জন্য এমন ঘটনা ঘটাচ্ছে।”
এর আগে গত ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
গত ২২ ডিসেম্বর (রোববার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের মূল গেট বন্ধ করে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এতে নুর, ফারাবী ও সোহেলসহ অন্তত ৩০ জন আহত হন।
ওই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।
ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয় ছাত্রলীগ-মুক্তিযুদ্ধ মঞ্চ ও ডাকসু ভিপি নুরুল হক নুর নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এমবি





