রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলে বৈদ্যুতিক ভোল্টেজ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। এতে হলসহ বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রায় তিন লক্ষাধিক টাকার ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি পুড়ে গেছে।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আবাসিক শিক্ষার্থীরা হলে প্রভোস্ট রুমের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসাকেন্দ্রের পাশে অবস্থিত একটি গাছের ডাল ভেঙে বৈদ্যুতিক তারের উপর পড়ে যায়। ফলে শাহ্ মখদুম হল ও চিকিৎসাকেন্দ্রের বিদ্যুতের ভোল্টেজ বেড়ে গেলে হলের বিভিন্ন ইলেক্ট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পুড়ে যায়।
এতে হলের প্রায় ১০০ টি কক্ষের ২০টি কম্পিউটার ও চলমান আনুষঙ্গিক ফ্যান ও লাইট পুড়ে গেছে। এছাড়াও বেশ কয়েকটি বৈদ্যুতিক হিটারে বিস্ফোরণ হয়। এই দুর্ঘটনায় চিকিৎসাকেন্দ্রের একটি এসিও নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী হলের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের কম্পিউটারের সকল যন্ত্রাংশ পুড়ে নষ্ঠ হয়ে গেছে। এসময় আমরা অনেকেই নিজ কক্ষে রান্না করছিলাম। বৈদ্যুতিক ভোল্ট বেড়ে গিয়ে হিটার বিস্ফোরিত হয়ে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়।’ অল্পের জন্য আমরা অনেকেই মারাত্মক দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।
তারা আরো বলেন, হলের বৈদ্যুতিক সমস্যা নতুন নয়। অনেক আগে থেকেই বিদ্যুতের ভোল্ট ওঠানামা করে। এব্যাপারে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি।
হলের কক্ষগুলোতে মোটা তারের কাটআউট এর মাধ্যমে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। এতো কিছুর ক্ষতি হয়ে গেলেও হলের কোনো কাটআউটের ক্ষতি হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দেখেও না দেখার ভান করে বসে থাকে।’ এসময় তারা হল প্রভোস্টের রুমে এসে এসব যন্ত্রাংশ ক্ষতিপূরণের দাবি জানান।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সামনে বিদ্যুতের তারের উপর গাছের ডাল পড়ে একটু সমস্যা হয়েছিল। অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হয়ে গেছে। তবে কোনো ক্ষতির বিষয়ে তিনি জানেন না বলে উল্লেখ করেন।
হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, হঠাৎ করে হলের বৈদ্যুতিক সমস্যায় অনেকের ইলেক্ট্রনিক্স আসবাবপত্র পুড়ে গেছে।
বিষয়টি বিশ্ববিদ্যায় প্রশাসনের অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতিপূরণের জন্য প্রভোস্ট কাউন্সিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানাবেন বলে জানান তিনি।
এসএইচ





