৯ আগস্ট রাষ্ট্রীয় ভাবে আদিবাসী দিবস পালনসহ কয়েকটি দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা আদিবাসী ছাত্র পরিষদ ও রাজশাহী মহানগরী পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।

শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

রাবি আদিবাসী ছাত্রপরিষদের সভাপতি হেমন্ত মাহাতো’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকুল পাহানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভ‚তিভ‚ষন মাহাতো, রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক মনিশং কর চাকমা, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষচন্দ্র হেমব্রস, রাবি ছাত্রইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, পাহাড়ী ছাত্রপরিষদের অর্থ সম্পাদক দিপেন চাকমা, রাবি ছাত্রফেডারেশনের সভাপতি ফারুক ইমন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আদিবাসী সমাজ এদেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছে আদিবাসীদের উপর থেকে সকল প্রকার নির্যাতন বন্ধ করতে হবে। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করতে হবে।

এসময় বক্তারা আরো বলেন, দেশ স্বাধীন হলেও আদিবাসীরা আজও পরাধীন রয়ে গেছে, আদিবাসীদেরকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয় বরং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে।

বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আদিবাসীরা থাকলে ভোট পাবে আর না থাকলে জমি পাবে এটা কখনো হতে পারে না। এসময় সমতল আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের জোর দাবি জানান বক্তারা।

এসএইচ