চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফ উন নাঈম ও মোসলেম উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ছয় মাসের জন্য বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিস্কারের বিষয়টি জানানো হয়।

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের চুয়েট প্রতিনিধি রাকিবুল হাসানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে এই দুই ছাত্রলীগ নেতাকে বহিস্কার করা হয়েছে বলে চুয়েট সূত্র নিশ্চিত করেছে।


জানা যায়, ৫ জানুয়ারি দিবাগত রাতে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি রাকিবুল হাসানকে শহীদ তারেক হুদা হলের ৩২০ নম্বর কক্ষে ডেকে নিয়ে যায় ছাত্রলীগ নেতা নাঈম। একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত চুয়েট ছাত্রলীগের এক সংবাদে ছাত্রলীগ নেতা মোসলেহ উদ্দিনের নাম পরে আসার কারণ জানতে চেয়ে সাংবাদিক রাকিববে বেধড়ক মারধর করে ছাত্রলীগ নেতা নাঈম।

এই ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কর্তৃপক্ষ মঙ্গলবার ছাত্রলীগ নেতা নাঈম ও মোসলেমকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ছয় মাসের জন্য বহিস্কার করেন।

জেএ