শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একজন উন্মাদ মস্তিষ্কের লোক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘নাগরিক ঐক্য’ আয়োজিত ‘শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি : করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে ছেলে-মেয়েরা পাশ করতে পারেনি। কিন্তু এই প্রশ্নপত্র বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়। অন্য বছর পাশ করলেও এবার কেন এই সমস্যা হলো?

তিনি আরও বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় এবং এই সরকারের আমলে ভালোভাবে পড়া-লেখা না করেও ভণ্ড প্রতারকদের জন্য শিক্ষকতার চাকরিতে যোগ দেওয়া সম্ভব। এমতাবস্থায় সবকিছুকে বৈধতা দেওয়ার পরও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম যদি ভাল মানুষ হয়ে থাকেন তবে এই ধরণের ভাল মানুষের কোনো প্রয়োজন নেই।

আসিফ নজরুল বলেন, এই অবস্থা চলতে থাকলে আগামী ১০ থেকে ৩০ বছরের মধ্যে সবচেয়ে অযোগ্য ও অসভ্য লোকদের সরকারের বিভিন্ন পদে দেখতে পাবো। কোথাও কোনো ভাল মানুষের দেখা মিলবে না।

গোলাটেবিল আলোচনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক সি আর আবরার, বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তাজা, খায়রুল আলম বকুল প্রমুখ।

জেআই