রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. মাহফুজুর রহমান আখন্দের গবেষণাগ্রন্থ ‘আরাকানের মুসলমানদের ইতিহাস’ বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই পাঠ উন্মোচিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। এতে উপস্থাপনায় ছিলেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. আবদুর রহমান সিদ্দিকী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সমাজকর্ম বিভাগের সাবেক সভাপতি ড. সৈয়দা আফরীনা মামুনসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, আরাকানের মুসলমানদের নিয়ে দেশে বিদেশে বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হলেও এটি ইতিহাস গবেষণা পদ্ধতিসমৃদ্ধ ঐতিহ্য কেন্দ্রিক একটি পূর্ণাঙ্গ গ্রন্থ।
গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ তাঁর অনুসন্ধিৎসু গবেষণার দ্বারা ‘আরাকানের মুসলমানদের ইতিহাস’ গ্রন্থটি রচনার মাধ্যমে আরাকানের মৌলিক ইতিহাস উপস্থাপনের চূড়ান্ত প্রয়াস চালিয়েছেন।
বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি গ্রন্থটি প্রকাশ করে একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে বলেও বক্তারা অভিমত প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহাকারী অধ্যাপক ড. আবু নোমান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথিতযশা শিক্ষক-গবেষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এমকে





