প্রস্তাবিত অষ্টম বেতন-কাঠামো পুনঃনির্ধারনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে তারা এই মানববন্ধনের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম বাদলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ওমর ফারুক সরকার, প্রফেসর ইমামুল হক, প্রফেসর মামুনুর রশিদ তালুকদার, কেবিএম মাহবুবুর রহমান, সুলতানুল ইসলাম টিপু, শামছুল আলম সরকার, প্রফেসর ড. জাহাঙ্গীর হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অষ্টম জাতীয় পে-স্কেল তৈরির সাথে জড়িত সচিবগণ অপকৌশল করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদার অবনমন করার চেষ্টা করেছেন। আমাদের প্রতিবেশি দেশগুলোতে শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল থাকলেও বাংলাদেশে এধরনের কোনো ব্যবস্থা নেই।
তাদের উল্লিখিত দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমান করতে হবে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহত রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের ভিসির বেতন-ভাতা মন্ত্রি পরিষদের সমান করতে হবে, প্রভাষকের বেতন-কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা প্রফেসর মোঃ ছাদেকুল আরেফীন মাতিনসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এসএইচ





