গন্তব্যস্থলে যাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে অটোচালকদের মারধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অটোচালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজশাহী শহরের তালাইমারী মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী চঞ্চল কুমার, ইয়াকুব আলী ও লিটন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, ওই তিন শিক্ষার্থী রাজশাহী রেল স্টেশন থেকে বিনোদপুর বাজারের উদ্দেশে একটি অটোরিকশায় আসছিলেন। অটোটি তালাইমারী মোড়ে আসলে অটোচালক আর সামনে আসবেন না বলে জানান। কিন্তু শিক্ষার্থীরা তাকে বিনোদপুরে আসতে বলে।

এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই অটো চালকসহ সেখানকার আরো কয়েকজন অটোচালক মিলে তিন শিক্ষার্থীকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় সেখান থেকে অটোচালক মুন্নাকে আটক করে পুলিশ।

মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, আহতদের মধ্যে লিটন ও ইয়াকুব হাসাপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহত অপর শিক্ষার্থী চঞ্চল কুমার হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। অটোচালক মুন্নাকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেএইচ