সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ঘোষণার দাবিতে ফের বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর নিউমার্কেট মোড়ের মূল সড়ক অবরোধ করে আজ (শনিবার) দুপুর থেকে বিক্ষোভ করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টা থেকে নীলক্ষেত-আজিমপুর সড়কে নেমে আসে শিক্ষার্থীরা এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে এই ব্যস্ত সড়কে সৃষ্টি হয় ব্যাপক যানযট। পুরো নিউমার্কেট ও আজিমপুর এলাকার স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়।
কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে বলেও সাংবাদিকদের জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীরা কলেজটির স্বায়ত্বশাসন, পরিবহন ও লাইব্রেরি সুবিধা, গুণগত শিক্ষা, পর্যাপ্ত আবাসন ও প্রয়োজনীয় সংখ্যক যোগ্য শিক্ষক নিয়োগেরও দাবি জানায়।
বিকেল সাড়ে চারটা নাগাদ এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা। উল্লেখ্য, বিগত প্রায় আট বছর ধরে একই দাবিতে আন্দোলন করে আসছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।
এরই মধ্যে তাদের দাবি মেনে নেয়ার ব্যাপারে কয়েক দফা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৌখিক আশ্বাস দিলেও তা কার্যকর না হওয়ার শনিবার ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। এ রকম একটি গুরুত্বপূর্ণ বিষয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটভূক্ত করা সময়ের দাবি উল্লেখ করে অচিরেই এই দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আবেদন জানায় শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৯৬১ সালে গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রতিষ্ঠার পর থেকেই কারিকুলাম নিয়ন্ত্রণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০১৪ সাল থেকে ঢাবির গার্হস্থ্য ইউনিট হিসেবে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। তারপরও এটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট না। তাই আমরা কলেজটি ঢাবির পূর্ণাঙ্গ ইনস্টিটিউট করা হোক। দাবি জানানোর পর শিক্ষা মন্ত্রণালয় ও ঢাবির উপাচার্যও আমাদের দাবিকে যৌক্তিক বলেছেন। সর্বশেষ মন্ত্রণালয়ে দাবি পূরণের বিষয়ে একটি কমিটিও গঠিত হয়েছিল। কিন্তু বর্তমানে সেই কমিটি ঠিকঠাক কাজ করছে না বলে অভিযোগ করেন তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৩ মার্চ) সকাল ১০টায় নীলক্ষেত মোড় অবোরধ করে বিক্ষোভ করবে। বিকাল ৩টায় কলেজটির ছাত্রী ইশরাত জাহান কর্মসূচি ঘোষণা করেছেন।
কেবি





