রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি ত্রিমাত্রিক বা থ্রিডি প্রিন্টিং ল্যাব স্থাপন করা হয়েছে।

বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এটিই এ ধরণের প্রথম ল্যাব।

রোববার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তির এই ল্যাবটি উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

বিভাগীয় সভাপতি প্রফেসর আবু জাফর মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, প্রক্টর প্রফেসর মো. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, প্রকেীশল অনুষদের ডিন প্রফেসর আবু বকর মো. ইসমাইল,ফলিত গণিত বিভাগের সভাপতি ড. মো. আব্দুল হকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. হাসনাত কবীরের উদ্যোগে জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই মেশিনটি স্থাপন করা হয়। অনুষ্ঠানে ড. কবীর গবেষণা ও উদ্ভাবনক্ষেত্রে থ্রিডি প্রিন্টারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উল্লেখ্য, থ্রিডি প্রিন্টারের মাধ্যমে অতি জটিল বস্তুও কোন রকম এ্যাসেম্বিং ছাড়াই আস্ত তৈরি করা যায়। এক্ষেত্রে যে বস্তু তৈরি করতে হবে কেবল তার একটি থ্রিডি ড্রইং প্রয়োজন হয়। বিজ্ঞানিরা এই প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা ও গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রে প্রভুত সাফল্য লাভ করেছেন।

এসএইচ