৫ দফা দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় মানববন্ধন থেকে নীলক্ষেত মোড়ে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজও বেলা ৩টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবে।
শিক্ষার্থীদের ৫ দফা দাবি হচ্ছে- পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একটি বর্ষের সব বিভাগের ফল একসঙ্গে প্রকাশ; ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনঃমূল্যায়ন; ৭ কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন; প্রতি মাসে প্রতিটি কলেজে প্রত্যেক বিভাগে দু’দিন করে ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নেওয়া এবং সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা।
এর আগে মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চলার সময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়।
ওই বছর পরীক্ষার রুটিনের দাবিতে আন্দোলনে গিয়ে দুই চোখ হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। এদিকে শুরু থেকেই এই অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এএস





