রাজশাহী বিশ্ব বদ্যালয়ে (রাবি) দেশীয় অস্ত্রসহ তরিকুল ইসলাম বাবু নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ব বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে পুলিশ তাকে একটি হাসুয়াসহ আটক করে।

ওই ছাত্রলীগ নেতা সৈয়দ আমীর আলী হলের সভাপতি প্রার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের রাস্তা দিয়ে ছাত্রলীগের সৈয়দ আমীর আলী হলের সভাপতি প্রার্থী তরিকুল ইসলাম বাবুসহ তিনজন একটি মটরসাইকেল নিয়ে যাচ্ছিল।

এসময় পহেলা বৈশাখকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তার গতিরোধ করে তল্লাশি চালালে একটি হাসুয়া পায়। তার কাছে অস্ত্র থাকায় পুলিশ তাকে আটকে রাখে। পরে ছাত্রলীগ সভাপতির তদবিরে পুলিশ তাকে ছেড়ে দেয়।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, “বাবু ক্যাম্পাসে ডাব কাটার জন্য পাশের হল থেকে একটি হাসুয়া নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসছিল। এমন সময় রাস্তায় দায়িত্বে থাকা পুলিশ বুঝতে না পেরে তাকে আটক করে”।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, “আজকে পহেলা বৈশাখের কারণে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ দায়িত্বে রয়েছে। তবে অস্ত্রসহ কাউকে আটক করার বিষয়টি আমার নলেজে আসেনি”।

জেএ