তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মতিহার হলের ফরিদ নামে এক কর্মচারীকে পিটিয়েছে শেরে-ই-বাংলা ফজলুল হক হলের ছাত্রলীগ সহ-সভাপতি তুষার।

শুক্রবার রাত ৯ টার দিকে হলে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে লিখিত অভিযোগ করেছে এই কর্মচারী।

হল সূত্রে জানা যায়, বহিরাগত অন্য হলের কোন শিক্ষার্থী এসে মতিহার হলের গেম রুমে এসে খেলতে পারবে না। হল থেকে এমন নিষেধাজ্ঞা থাকা সত্তেও শেরে-বাংলা হলের ছাত্রলীগ নেতা গেম রুমে প্রবেশ করে দাবা খেলা শুরু করে।

হলের কর্মচারি ফরিদ তাকে এ বিষয়ে নিষেধ করলে তাকে উপর্যুপরী কিল, লাথি মারতে থাকে। এসময় ওই কর্মচারি চিৎকার করতে থাকলে হলের কর্মরত পুলিশ ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে এ বিষয়ে অবহিত করলে লিখিত অভিযোগ নিয়ে যায়।

এ বিষয়ে হলের প্রহরী ফরিদ বলেন, সন্ধ্যায় শেরে-বাংলা হলের এক ছাত্রলীগ নেতা মতিহার হলে এসে দাবা খেলা শুরু করে। তাকে নিষেধ করলে সে কোন কথা ব্যতীতই আমাকে কিল, লাথি মারতে থাকে। পরে কর্মরত পুলিশ ও কয়েকজন শিক্ষার্থীরা তাকে আটকায়।

বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানালে তারা আমাকে লিখিত অভিযোগ দিতে বললে আমি লিখিত অভিযোগ করি।

তবে এই বিষয়ে জানার জন্য ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব টাইমনিউজবিডি'কে বলেন, হলের এক প্রহরীকে মারার ঘটনা ঘটেছে আমি শুনেছি। তবে আমি এখন বাহিরে আছি পরে তার ব্যাপারে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মতিহার হল প্রভোস্ট প্রফেসর জাহাঙ্গীর আলম সাউ টাইমনিউজবিডি'কে বলেন, হলের এক প্রহরীকে মারধরের ঘটনা ঘটেছে। খবর শুনে আমিও হলে গিয়েছিলাম। যেহেতু ওই ছাত্রলীগ নেতা অন্য হলে থাকে। সেই জন্য আমরা কোন ব্যাবস্থা নিতে পারছি না। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে ব্যাবস্থা নিবে।

এআর