বোর্ডের নির্দেশ অমান্য করায় বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজের একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,রাজশাহী।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং শিম/শাঃ৯/অভি-৩/২০১৩/৫৯ এবং শিম/শাঃ৯/অভি-৩/২০১৩/২৩৬(ক) মোতাবেক তদন্তে জানানো হয়, জঙ্গি তৎপরতা, রাষ্ট্র এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম ও সভাপতি জহিরুল ইসলাম কাজ করে যাচ্ছিলেন। এর প্রতিবাদ করায় কলেজের প্রগতিশীল শিক্ষক মাসউদ করিম, অমরেশ মুখার্জী ও গোলাম মর্তুজাকে বিধি-বহির্ভূতভাবে বরখাস্ত করা হয়। পরে তারা এ ব্যাপরে শিক্ষা, আইন, সমাজকল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানায়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড এ ঘটনার তদন্ত করে জানতে পারে, কলেজের অধ্যক্ষ ও সভাপতি জঙ্গী তৎপরতায় জড়িত। ৫ আগস্ট শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ড অবৈধভাবে বরখাস্ত করা শিক্ষকদের পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেয়। কিন্তু এ সময়ের মধ্যে নির্দেশ অমান্য করায় রাজশাহী শিক্ষা বোর্ড তাদের একাডেমিক স্বীকৃতি স্থগিত করে।
এ ব্যাপারে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর, ঢাকা, জেলা প্রশাসক বগুড়া, কলেজ অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দফতরে নির্দেশ পাঠায়।
বগুড়ার এসওএস হারম্যান মেইনার কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম স্থগিত পত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





