‘চলচ্চিত্রের নিজস্ব একটি ভাষা রয়েছে। যার মাধ্যমে মানুষের বিভিন্ন অনুভূতিকে তুলে ধরা হয়। ফলে চলচ্চিত্রকে অনুধাবন করতে ভিন্ন কোনো ভাষাজ্ঞানের প্রয়োজন হয় না। ভাষা না জানলেও মানুষ চলচ্চিত্রের ভাষাকে অনুধাবন করতে পারে।’
১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’১৪ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রোববার সকাল সোয়া ১১টার দিকে এসব কথা বলেন নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রাশিয়ান চলচ্চিত্র সমালোচক সার্গেই আনেশকিন, চলচ্চিত্র ব্যক্তিত্ব ব্যারেন ব্যানেট, রাশিয়ান কালচারাল সেন্টারের পরিচালক আলেকজান্ডার ডেসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সমন্বয়কারী জুনায়েদ হালিম।
এর আগে সকালে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।
কেএইচ





