রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ার প-৭৬ নম্বর কোয়ার্টারের পেছন থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে নেওয়া হয়েছে।

রাবি প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান বলেন, সকালে প-৭৬ নম্বর কোয়ার্টারের দারোয়ান ওই ভবনের পেছনে একজনকে পড়ে থাকতে দেখে। পরে তিনি ভবনের আবাসিক শিক্ষকদের বিষয়টি জানালে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে। পরে ঘটনাস্থালে গিয়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাতে লালটেপ জড়ানো পুরাতন হ্যাকজা ব্লেড ও বৈদ্যুতিক তার পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত ডাক্তার ঘটনাস্থলে গিয়ে তাকে নিহত বলে নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, এ কোয়ার্টারটির পিছনে তামার বৈদ্যুতিক তার রয়েছে। ওই তার চুরি করতে এসে ওই ব্যক্তি অসাবধানতাবশত: তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি উল্লেখ করে নগরীর মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, নেশার অর্থ জোগাড় করার জন্য তার চুরি করতে গিয়ে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একটি ইউডি মামলা (অপমৃত্যু) করে লাশটির ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।

কেএইচ