রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউট এর সাবেক পরিচালক ও বর্তমান প্রফেসর বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. সরওয়ার জাহান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...... রাজেউন।

শনিবার সকাল ৮টার দিকে তার নিজ বাসভবন থেকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় রাজশাহী মেডিকেল কলজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

মরহুমের প্রথম জানাজা নামাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও দ্বিতীয় জানাজা খোঁজাপুর গোরস্থানে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিনসহ শিক্ষক-ছাত্র, কর্মকর্তা-কর্মচারি জানাজায় উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. সরওয়ার জাহান ১৯৫২ সালে ২৩ আগস্ট বগুড়া জেলার সোনাতলা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রাণিবিদ্যা বিভাগের প্রথম ব্যাচের কৃতিছাত্র হিসেবে ১ম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন।

বর্ণাঢ্য শিক্ষাজীবন শেষ করে তিনি ১৯৭৭ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

অতঃপর ২০০২ সালের ৩১ অক্টোবর প্রফেসর ও পরিচালক হিসেবে রাবি পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউট এ যোগদান করে একটানা ৬ বছর যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন।

তিনি একজন আদর্শ শিক্ষক ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিকমানের গবেষক ছিলেন। তার তিনটি গবেষণাগ্রন্থসহ শতাধিক গবেষণা প্রবন্ধ বিশ্বমানের গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে।

প্রায় অর্ধশতাধিক গবেষক তাঁর তত্বাবধানে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী শাখার সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, তিনপুত্র ও দুইকন্যাসহ অসংখ্য ছাত্র-ফেলো ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের আকস্মিক মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম এর সভাপতি ড. মাহফুজুর রহমান আখন্দ ও সাধারণ সম্পাদক ড. সেতাউর রহমানসহ অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এমকে