বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ৫০ বছর পূর্তি (১৯৬৪-২০১৪) পালিত হয়েছে।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ বর্ষপূর্তি পালিত হয়।
সূত্র জানায়, বিভাগটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় বিভাগের সামনে থেকে এক আনন্দ র্যালী শুরু হয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবি ভিসি প্রফেসর প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
বিভাগের সভাপতি প্রফেসর ড. শর্ম্মিষ্ঠা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান।
এছাড়াও বিভাগের শিক্ষক প্রফেসর ড. সৈয়দা আফরীনা মামুন ও ড. মো. শাহীদুর রহমান চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নীলুফার সুলতানা, বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর মু. আবু বকর সিদ্দিক ভূঁইয়া, প্রফেসর মো. জালাল উদ্দিন প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন রাবি ছাত্র উপদেষ্টা ও সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ বাংলাদেশে সমাজকর্ম পঠন-পাঠনে দীর্ঘ ৫০ বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।
দক্ষ জনশক্তি তৈরীর জন্য বিভাগটি আজ দেশে ও বিদেশে প্রসংশনীয়। এখানকার শিক্ষার্থীরা আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আগামীতে বিভাগটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এসময় বক্তারা সমাজকর্ম বিভাগ এ্যালামনাই এসোসিয়েশান গঠনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর মো. আশরাফুজ্জামানসহ বিভাগের সাবেক ও বর্তমান প্রায় দেড় হাজার শিক্ষার্থী।
বিকেলে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে স্মৃতিচারণ অনুষ্ঠান এবং মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এমকে





