শিশু বয়সে আমাদের দেশের ছেলে মেয়েরা পড়ালেখা করতে গিয়ে সবচেয়ে বেশি বাধা-বিপত্তির সম্মুখীন হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি।

শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভলেপমেন্ট আয়োজিত 'সবার জন্য শিক্ষা গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরেফিন সিদ্দিকি বলেন, আমি অনেক উন্নত দেশে দেখেছি, যে ছেলেমেয়েরা পড়ালেখা করতে আগ্রহী হয় না। কিন্তু আমাদের এটা আশার কথা যে, আমাদের ছেলেমেয়েরা সকল বাধা বিপত্তি অতিক্রম করে পড়ালেখা করতে চায়। যারা বাধার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়, তারা তাদের সীমাবদ্ধতা জেনেও পড়তে চায়।

আলোচনা সভায় উপস্থপিত একটি গবেষণা প্রতিবেদনের উপর আলোচনায় তিনি বলেন, এটা হতাশার কারণ, যে এখন ছেলেমেয়েরা শিক্ষক হতে চায় না। যদি এ প্রজন্ম শিক্ষক হতে না চায়, তাহলে কয়েক প্রজন্ম পরে আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দিবে কে? এটা শিক্ষকদের ব্যর্থতা হতে পারে, কারণ এর মানে শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে শিক্ষকতার গুরুত্ব উপস্থাপন করতে পারছে না। তবে অন্য কোন কারণও থাকতে পারে।

গবেষণায় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে মেয়ে শিশুরা যখন একটু বড় হয়, তখন তাদের অভিভাবকরা তাদের বিয়ে দিয়ে দিতে চায়। আর বিয়ে দেওয়ার অর্থ হচ্ছে শিক্ষা থেকে তাদের দূরে সরিয়ে নেয়া। আবার এটাও হয় যে, রাস্তায় বখাটেরা মেয়েদের স্কুলে যাওয়ার সময় বাধা দেয়। তারা এটা অভিভাবকদের জানালে পরের দিন অভিভাবকরা তাদের স্কুলে যাওয়াই বন্ধ করে দেয় বলেও জানান তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আক্তারুজ্জামান, অধ্যক্ষ আসাদুল হক, ড. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এমএ/এমকে