শনিবার দেশব্যাপী শুরু হয়েছে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা। ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে।
মাদ্রাসা বোর্ডে হচ্ছে হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) এবং ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা।
হরতালের কারণে গত ৪ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেয় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে হরতালে রোব ও মঙ্গলবারের পরীক্ষা হবে কি না- তার সিদ্ধান্ত জানা যাবে বিকালে।
রোববার থেকে ফের টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রোববার সকালে আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে গণিত-২ (১৯২৩) ও গণিত-২ (৮১২৩) বিষয়ের পরীক্ষা রয়েছে।
আর মঙ্গলবার আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ (সৃজনশীল) ও সামাজিক বিজ্ঞান-২ (৮১২৪, সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রোববারের পরীক্ষার বিষয়ে শনিবার বিকালে সিদ্ধান্ত জানানো হবে।
গত ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও ১ ফেব্রুয়ারি থেকে বিএনপি জোটের টানা হরতালে দু’দিনের পরীক্ষা পিছিয়ে নেয়া হয়।
উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।
কেএইচ





