রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বিভাগের সভাপতির দায়িত্ব নিয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিভাগের সকল শিক্ষকের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। পরে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রদীপ কুমার পাণ্ডে ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজ বিষয়ে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ড. পাণ্ডে বাংলাদেশ, ভারত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।
দুইটি বইসহ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ২০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, সেড, সিডিএমপিসহ বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে গণমাধ্যম, সাংবাদিকতা, যোগাযোগ, তথ্য অধিকার আইন বিষয়ে গবেষক, পরামর্শক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।
পাণ্ডে বিভাগের অ্যালামনাই অ্যাসিয়েশনের আহ্বায়ক, দৈনিক বার্তার বোর্ড অব ট্রাস্টিজের অনারারি সদস্য এবং একটি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কেএইচ





