ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী রেজা হাসান ত্বকির (২৩) ওপর হামলাকারী স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী লিমনের ভাই ওয়াহেদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আনন্দবাজার এলাকা থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) খোন্দকার শাকের আহমেদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য কিশোরগঞ্জ থেকে লিমনের ভাই ওয়াহেদকে থানায় নিয়ে আসা হয়েছে।
এরআগে ত্বকির ওপর হামলার মূল হোতা লিমনকে গ্রেফতারের দাবি করে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
আর এ আল্টিমেটাম শনিবার দুপুর ১২টার শেষ হচ্ছে। কিন্তু শুক্রবার বিকাল পর্যন্ত পুলিশ মূল হামলাকারী লিমনকে গ্রেফতার করতে পারেনি।
কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) খোন্দকার শাকের আহমেদ জানান, সম্ভাব্য সব স্থানেই লিমনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করতে পারবো।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





