চট্টগ্রাম কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ৩ দফা দাবিসহ স্মারক লিপি দিয়েছে সাধারণ ছাত্ররা।

স্মরক লিপি প্রদান পূর্ব সমাবেশে ছ্ত্ররা বলেন, কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের সৃষ্টির পরিণতিতে কলেজের ছাত্রাবাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গত ১৬ই ডিসেম্বর থেকে বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে মহড়া-শক্তি প্রদর্শন করে সর্বত্র ভয় ও ত্রাসের সৃষ্টি করছে।

কিন্তু প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। ফলে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে গভীর উদ্বেগ ও শংকার সৃষ্টি হয়েছে। একদিকে হোস্টেলসমূহ বন্ধ করে দেওয়ার কারণে শত শত আবাসিক ছাত্র-ছাত্রী চরম মানবেতর জীবন-যাপন করছে। অন্যদিকে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের মহড়ার কারণে সাধারণ ছাত্র-ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভূগছে।

তারা বলেন, এই ঘটনায় কলেজের দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পরীক্ষার ফলাফল ও নেতিবাচক হওয়ার প্রবল আশংকা রয়েছে। তাই যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা নিম্নলিখিত ৩ দফা দাবী পেশ করছি।

স্মরক লিপিতে ৩ দফা দাবি হচ্ছে, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভারে নিষিদ্ধ করতে হবে; কলেজ ক্যাম্পাসের সকল-প্রকার মিছিল সমাবেশ নিষিদ্ধ করা সহ প্রয়োজনে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে; অবলিম্বে ছাত্রবাসসমূহ খুলে দিয়ে আবাসিক ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত পূর্বক পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে হবে।

দাবীসমূহ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখাতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবি জানান।

এমএ