কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই শিক্ষার্থীকে রিলিজ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ (০৯ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে বাড়ি যান তিনি।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, মেয়েটি সব ধরনের ট্রমা ও সমস্যা কাটিয়ে এখন সুস্থ আছে। তাই বোর্ড চিকিৎসকদের পরামর্শে তাকে রিলিজ দেয়া হয়েছে।
এছাড়াও পরবর্তীতে কোনো সমস্যা হলে তাকে আবারও আসতে বলা হয়েছে বলে জানান তিনি।
ঢামেক পরিচালক আরও জানান, যাওয়ার আগে ওই ছাত্রীর বাবা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশবাহিনী ও ঢামেক কর্তৃপক্ষের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দিয়ে গেছেন।
গত ০৫ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী রাজধানীর শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বিমানবন্দর সড়কে নেমে ধর্ষণের শিকার হন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পরপরই তিনি আক্রান্ত হন। মুখ চেপে ধরে তাঁকে তুলে সড়কের পাশে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়।
কয়েক ঘণ্টা পর চেতনা ফিরে পেয়ে ওই শিক্ষার্থী বান্ধবীর বাসায় যান। রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পরদিন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন তাঁর বাবা।
এই মামলায় বুধবার ভোরে মজনু (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব।
এমবি





