রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইন গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর দেবিসিং পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আরিফুল ইসলাম ও নগরীর সিরোইল এলাকার সাইফুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিকাল ৩ টার দিকে রাজশাহী থেকে রংপুরগামী “পথের সাথী” নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসের নিচ থেকে আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। বিকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই ঘাতক বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে বাস দুর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ার ঘটনায় নগরীর দেবিসিং পাড়া ও সিরোইল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ





