ক্যান্টিনের পাওনা টাকা চাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিন মালিককে মারধর করেছে ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি মেহেদী হাসান।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে হলে এ ঘটনা ঘটে।

আহত ক্যান্টিন মালিক শফিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হল সূত্রে জানা গেছে রাবি শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি মেহেদী হাসানের নিকট ক্যান্টিন মালিক শফিউল ইসলাম শফি খাবারের বকেয়া টাকা পরিশোধের জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে এই বহিষ্কৃত নেতা ক্যান্টিন মালিক শফিকে কাঠ দিয়ে বেদম প্রহার করেন।

খবর পেয়ে রাবি শাখা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শফিকে নিজের কক্ষে নিয়ে যান। এসময় বকেয়া ১০ হাজার টাকা সম্পূর্ণ পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন।

মারধরের বিষয়টি অস্বীকার করে মেহেদী বলেন, ভুল বোঝাবুঝির কারণে একটু কথা কাটাকাটি হয়েছিলো। পরে বিষয়টি সমাধান হয়ে গেছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, মারধরের ঘটনাটি আমি শুনেছি। তবে ক্যান্টিন মালিক শফি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ প্রদান করলে মেহেদীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ১৩ মে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষা চলছিল। পরীক্ষা বন্ধ করার জন্য ওই বিভাগের শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে মেহেদী হাসানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

জেএ