ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকার সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া অবরোধ দুপুর ১টার দিকে প্রত্যাহার করা হয়।
তবে ওই ঘটনায় সাত দফা দাবি বাস্তবায়নে বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, গুলির প্রতিবাদে এবং ১২শ' শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে শনিবার বেলা ১১টা থেকে তারা নিউ মার্কেট ক্রসিং ও নীলক্ষেতে সড়ক অবরোধ করে। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ব্যস্ততম এ সড়কটি অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জাছিয়েছে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার পরীক্ষার রুটিনসহ সাত দফা দাবিতে শাহবাগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এসময় পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে সিদ্দিকুর রহমান নামের এক শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে যায়।
এসময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে ওই দিন রাতে পুলিশের দায়িত্বে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ১২শ' শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
জারিফ





