বাগেরহাটের কচুয়ায় এক স্কুলছাত্রকে মারধর করার অভিযোগে তুষার কুমার দাস নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তুষার দাসকে বরখাস্তের চিঠি পৌঁছে দেওয়া হয়।

গত শনিবার কচুয়া উপজেলার সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার কুমার দাস পড়া না পারায় মো. জুবায়ের রহমান নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ডাস্টার দিয়ে বেদম প্রহার করে। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনার পর জুবায়েরের মা-বাবা ওই স্কুল শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার সকালে এই প্রতিবেদককে বলেন, কচুয়া উপজেলার সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তুষার দাসকে বরখাস্তের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

এমই