রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতকপ্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১ অক্টোবর শুরু হয়ে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এতে প্রথমবার ভর্তির সুযোগ না পাওয়া যোগ্য শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের অংশ গ্রহণের সুযোগ না থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ বহাল রাখার সিদ্ধান্তু নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার ভর্তি পরীক্ষার উপ-কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন।

তিনি বলেন, ‘ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে কোনো পরিবর্তন আনা হয় নি। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ তুলে নেয়া হচ্ছে না। এক্ষেত্রে প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ভর্তি হতে না পারা যোগ্য শিক্ষার্থীররা এবারও ভর্তি পরীক্ষা দিতে পারবে।’

এদিকে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপ-কমিটির সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সে অনুযায়ী ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।’

এআর