বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিকক্ষদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাৎস্যবিজ্ঞান অনুষদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষকরা।

হামলাকারী ছাত্রলীগ নেতা মনিরুল হাসান পলাশ, শাহীন আহমেদ, মাহীর শাহরিয়ার ও তায়েফ রিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিক্ষকরা।

তাদের বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার বাকৃবির অন্য অনুষদে ক্লাস-পরীক্ষা হলেও মাৎস্যবিজ্ঞান অনুষদে ক্লাস পরীক্ষা হয়নি।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইদ্রিস মিয়া বলেন, হামলাকারীদের বিচার দাবিতে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করছি।

এ ব্যাপারে ভিসির সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদে র‌্যাগ ডে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের মতভেদ কেন্দ্র করে তিন জন সিনিয়র শিক্ষককে কিল, ঘুষিসহ মারধর করে। এছাড়া অন্য শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজও করে ছাত্রলীগ নেতারা।

এআর