জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বিচারে বৃক্ষ নিধনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গ্রীন ক্যাম্পাস নামের একটি প্রকৃতিপ্রেমী সংগঠন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন হল নির্মাণের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের রাস্তার পাশে বেশ কিছু গাছ নির্বিচারে কর্তন করে । এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং গ্রীন ক্যাম্পাস সংগঠনের কর্মীরা ।
নির্বিচারে বৃক্ষ নিধনের প্রতিবাদে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং বক্তব্য প্রদান করে ।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং গ্রীন ক্যাম্পাসের কর্মীরা প্রশাসনিক ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করে।
পরিস্থিতি স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত উল আলম প্রশাসনিক ভবন থেকে নেমে উত্তাল শিক্ষার্থীদের শান্ত করেন এবং তাদের আশ্বস্ত করেন যে বিশ্ববিদ্যালয়ের একটি গাছের পরিবর্তে এক হাজার বৃক্ষ রোপন করা হবে ।পরে তিনি প্রতীকী হিসেবে ৫ টি বৃক্ষ ক্যাম্পাসে রোপণ করেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃক্ষ হল একটি ক্যাম্পাসের প্রাণ, বৃক্ষ যদি অপরিকল্পিত ভাবে কর্তন করা হয় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়ে যাবে।
তারা বলেন, কোন কিছুই অপরিকল্পিত ভাবে করা উচিত নয়। অপরিকল্পিত ভাবে গাছ গুলো কেটে ফেলা যা বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের জন্য এবং আমাদের সবার জন্য ধিক্বারজনক । বিশ্ববিদ্যালয়ের কাছে ১ টি বৃক্ষ কর্তন এর বদলে ২৫ টি বৃক্ষন রোপন করার দাবিও জানান বক্তারা ।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান (পরিচালক, উন্নয়ন) জানান, বিশ্ববিদ্যালয়ে ইচ্ছাকৃত ভাবে কোন বৃক্ষ কর্তন করা হয়নি, বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের প্রয়োজনেই এই বৃক্ষগুলো কর্তন করা হয়েছে এবং অচিরেই এই ঘাটতি পোষাতে নতুন বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএইচ





