রাজন পারা জুলি (২৫) নামে এমবিবিএস পঞ্চম বর্ষের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজের লেকে তার লাশটি পাওয়া যায়। নিহত রাজন নেপালের নাগরিক। সে নেপালের কৃষ্ণ প্রসাদ পারা জুলীর ছেলে বলে জানাগেছে।

বুধবার আনুমানিক রাত ৩টায় বাজিতপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, রাতে শিক্ষার্থীরা কলেজের লেকে তার মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেক থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাজন পা পিছলে লেকে পড়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সাহা।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর