দুই দফা পিছিয়েও সমস্যর জট  খুলতে না পেরে কলেজে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশ করতে আরেক দিন সময় নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার সকাল নাগাদ এই তালিকা ওয়েবসাইটে পাওয়া যাবে বলে শনিবার দুপুরে জানিয়েছেন ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন।

www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে বহু প্রত্যাশিত এই ফল পাওয়া যাবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই ফল প্রকাশের কথা ছিল। অনেকে রাত জেগে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও ফল পাননি।

এরপর শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে মেধা তালিকার প্রকাশের সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তাতেও কাজ শেষ করা যায়নি।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, শনিবার সকাল ৮টায় ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে।

কিন্তু সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ওয়েবসাইটে ফল পাননি। ওয়েবসাইটে নোটিস ঝুলছিল- “২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।”

ভর্তির ফলাফল প্রকাশের এই কাজে আইআইসিটি, বুয়েট কারিগরি সহায়তা দিচ্ছে। সেখানেই জট বেঁধেছে বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন। 

ওয়েবসাইট হ্যাকড হওয়ায় ফলপ্রকাশ বিলম্বিত হয়েছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর এলেও আসফাকুস সালেহীন তা নাকচ করেন।

তিনি শনিবার দুপুরে বলেন, “সমস্যা সমাধানে কায়কোবাদ (বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ) স্যারকে ডাকা হয়েছিল।

“তিনি বলেছেন, প্রোগ্রামটি রান করছে না। তবে এটা বড় সমস্যা নয় জানিয়ে আজ রাত নাগাদ সমাধান করা যাবে বলে জানিয়েছেন তিনি। আমরা আশা করছি, কাল (রোববার) সকালে ফল দেওয়া যাবে।”

ফল প্রকাশে দেরি হওয়ায় ভর্তির সময়ও একদিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।  

জেআই