চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গেটে পিকআপভ্যানের ধাক্কায় এমএমএইচ হৃদয় নামে এক ছাত্র আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে। আহত ছাত্র হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র।
এদিকে এ ঘটনার পর প্রায় ২ ঘণ্টা হাটহাজারী-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা টায়ার পুড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান জানান, রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে পিকআপভ্যানের ধাক্কায় ছাত্র এমএমএইচ হৃদয় গুরুতর আহত হন। এ প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।
তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আহত ছাত্রকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।





