শিক্ষাক্ষেত্রে বাণিজ্যিকীকরণ বন্ধ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বৃদ্ধি এবং বাজেটে শিক্ষাখাতে বরাদ্ধ বৃদ্ধির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ-মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মিছিলটি তাদের দলীয় টেন্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়ের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সাংসদের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী,

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডী, রাবি ছাত্রফেডারেশনের সেক্রেটারী জারিফ মুহিব অয়ন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একটা জাতিকে উন্নত করতে হলে সবার আগে তার শিক্ষাব্যবস্থা উন্নত করতে হবে। আর শিক্ষার জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো বিশ্ববিদ্যালয়। আজ সরকার বাজেটে শিক্ষাখাতে বরাদ্ধ কমিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড ১ম ও ২য় থেকে ৩য় ও ৪র্থ গ্রেডে নামিয়ে দিয়েছে।

এটা সরকারের শিক্ষাব্যবস্থাকে বানিজ্যিকীকরণের অপকৌশল মাত্র। আমরা অবিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ ভাগ এবং জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্ধ চাই।

এসময় নেতৃবৃন্দ সান্ধ্যকোর্স বন্ধসহ শিক্ষাখাতে সকল বানিজ্যিকীকরণ বন্ধ সাপেক্ষে শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

এআর