ক্ষুরের আঘাতে গুরুতর আহত হয়েছেন ইসমাত জাহান সিগমা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর তার অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার আনুমানিক বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটে এ ঘটনা ঘটে।
আজ রোববার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে রিকশায় উঠছিলেন সিগমা। এসময় মমতাজুল ইসলাম হিমু মোটরসাইকেলযোগে এসে সিগমার পিঠে ক্ষুর দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন সিগমা। সেখান থেকে সহপাঠীরা অটোরিকশা করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র আসা আহত সিগমার সহপাঠীরা বলেন, প্রথম বর্ষ থেকেই সিগমা নগরীর তালাইমারীর স্থানীয় মমতাজুল ইসলাম হিমুর সঙ্গে প্রেম করে আসছিল। গত কয়েক বছরে তাদের মধ্যে গভীর মেলামেশা হয়। সম্পর্ক শুরুর আগে হিমু নিজেকে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের রাজশাহী শাখার একজন কর্মকর্তা পরিচয় দিলেও সে আসলে ওখানকার প্রহরী। প্রথমে সিগমা বিষয়টি জানতো না। কিন্তু সম্পর্ক হওয়ার ৩ বছরের মাথায় বিষয়টি প্রকাশ পায়। এতে সিগমা ওই ছেলেকে এড়িয়ে চলতে থাকে। সিগমার এই পরিবর্তন দেখে হিমু বেশ কিছুদিন ধরেই তাকে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে রোববার অনেক লোকের সামনেই সিগমার পিঠে ক্ষুর দিয়ে আঘাত করে।  
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক বলেন, ক্ষুরের আঘাতে সিগমার মেরুদণ্ডের পাশ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত কেটে গেছে। আঘাতটি গুরুতর বলে জানান তারা।  
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেছেন, আমি বিষয়টি শুনেছি। তবে কি জন্য এবং কারা এ কাজ করেছে তা জানতে পারিনি।
তিনি আরও বলেন আইনশৃঙ্খলা বাহিনীকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর [/b]