চারদিনের হরতালের পর অবশেষে আজ শুক্রবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

সকাল ৯টায় জেএসসির বাংলা প্রথম পত্র এবং জেডিসির কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষার অনুষ্ঠিত হবে।

এবছর সারাদেশে মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে তিন লাখ ২৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থী রয়েছে।

২০ লাখ ৯০ হাজার ৬৯২ পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ পাঁচ হাজার ৫০৯ জন ছাত্রী এবং নয় লাখ ৮৫ হাজার ১৮৩ জন ছাত্র। এবার ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় এক লাখ ২০ হাজার ৩২৬ জন বেশি।

গত বছর এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৮৭ হাজার ৯৪৬ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে জেএসসি ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামীর হরতালের কারণে ৭ নভেম্বর শুক্রবার থেকে তা শুরু হচ্ছে।

এর আগে হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, জেএসসির ২ নভেম্বরের বাংলা প্রথম পত্র পরীক্ষা ৭ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বরের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জেডিসির ২ নভেম্বরের কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ৭ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বরের আকাইদ ও ফিকাহ এবং আত-তাওহীদ ওয়ালফিকহ (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বরের পরীক্ষা আগামী ১৯ নভেম্বর ও ৬ নভেম্বরের পরীক্ষা ২০ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর জেএসসিতে ইংরেজি প্রথম পত্র ও ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেডিসিতে ৫ নভেম্বর আরবী প্রথম পত্র ও ৬ নভেম্বর আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
জেএসসি ও জেডিসির অন্যান্য পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার প্রত্যেক বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে। দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে জেএসসি ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এআর