এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে ৯ আগস্ট (রবিবার)। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা রবিবার সকালে এ তথ্য জানান।

নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা বলেন, ‘৮ ও ৯ আগস্ট আমরা এইচএসসির ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সার-সংক্ষেপ পাঠিয়েছি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা জেনেছি প্রধানমন্ত্রী ফল প্রকাশের জন্য ৯ আগস্ট সময় দিয়েছেন। তবে ফাইলটি রবিবার বিকেল নাগাদ হাতে পাব বলে আশা করছি।’ 

ফল প্রকাশের নিয়ম অনুযায়ী, শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ওই কর্মকর্তা বলেন এইচএসসির ফল প্রকাশের ক্ষেত্রেও এবার এ নিয়ম অনুসরণ করা হবে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন।

এআই