দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে দুই ছাত্র নিহতের ঘটনায় তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষি অনুষদের ডিন অধ্যাপক আনিস খানকে প্রধান করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মাহমুদুল হাসান মিল্টন ও জাকারিয়া নিহত হন। ময়নাতদন্ত শেষে আজ তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে কোতোয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান জানান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলারও সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য অধ্যাপক রুহুল আমিন বলেন, দুই ছাত্র হত্যার তদন্ত করে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেআই





