বিএএফ শাহীন কলেজ ক্যাম্পাসে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিএএফ শাহীন কলেজের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে একাদশ শ্রেণির ২৭০ জন শিক্ষার্থী, স্কাউট এর ৩০ জন সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএফ শাহীন কলেজের এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম আমিরুল আহসান।

আমিরুল আহসান বলেন, প্রতিদিন অনেক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। কারণ খুঁজলে দেখা যাবে এর মধ্যে বেশিরভাগই তামাক ব্যবহারের কারণে হয়েছে। তিনি বলেন, এই সভার মধ্য দিয়ে সকলে তামাক ও মাদক বিষয়ে নিজে সচেতন হব এবং পরিবারকে সচেতন করবো তবেই এই সভার আয়োজন সার্থক হবে।

মাদক বিরোধী এ সভায় তামাক ব্যবহারের ক্ষতিকর দিক ও এর প্রভাব বিষয়ে আলোচনা করেন আহ্ছানিয়া মিশন এর প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত। মাদক এর ক্ষতিকর দিক তুলে ধরে সচিত্র তথ্য উপস্থাপন করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর শারমিন আবেদীন। পরবর্তীতে উপস্থাপনা দুটির ওপর মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির হাতে ধূমপানমুক্ত সাইন তুলে দেন আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মোঃ মোখলেছুর রহমান।