রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান হলের প্রথম ব্লকে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার রাত সোয়া ১১টার দিকে হলের ৪০৫ নম্বর কক্ষে ফ্যানের মোটর বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
হলের শিক্ষার্থীরা জানান, ভেটেনারি সায়েন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহবুবুল আলম সরকার ও ফারুক মিয়া ৪০৫ নম্বর কক্ষে থাকেন। তারা উভয়েই শিক্ষা সফরে গেছেন।
তারা যাওয়ার সময় ভুলবশত ফারুক মিয়ার টেবিল ফ্যান বন্ধ না করেই চলে যান। এতে দীর্ঘক্ষণ চলতে থাকায় মোটর গরম হয়ে বিস্ফোরিত হলে ফ্যানে আগুন ধরে যায়।
বিষয়টি বুঝতে পেরে হলের আবাসিক শিক্ষার্থীরা ওই কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভান। এতে ফ্যানটি পুড়ে গেলেও তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিশ্ববিদ্যালয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিশ্ববিদ্যালয় দমকলে দায়িত্বরত সিনিয়র ফ্যায়ারম্যান আশরাফুর রহমান বলেন, 'ওই কক্ষে শিক্ষার্থীরা ছিল না। ফ্যান দীর্ঘক্ষণ চলতে থাকায় মোটর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
এতে ফ্যান ও তার পুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু ফ্যানটি পুড়ে গেলেও তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি।'
এমকে





