শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) এবারের ফলাফলে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা প্রমাণিত হয়েছে। কারণ, ফলাফলের বিভিন্ন সূচকেই ইতিবাচক পরিবর্তন এসেছে।
আজ (শনিবার) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। এবার পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনে ফল প্রকাশ করা হয়েছে।
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, এবার ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ তিন হাজার ৩৩১ জন। উত্তীর্ণদের মধ্যে ছয় লাখ ৭১ হাজার ৯৬১ জন ছাত্র ও ছয় লাখ ৩১ হাজার ৩৭০ জন ছাত্রী।
তিনি বলেন, ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৯২ দশমিক ৬৭, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৫ ও কারিগরি বোর্ডে ৮১ দশমিক ৯৭ শতাংশ। গত বছর আট বোর্ডে পাসের হার ছিলো ৮৯ দশমিক ৭২, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ১৩ ও কারিগরি বোর্ডে ৮১ দশমিক ১৩ শতাংশ ছিল।
নাহিদ বলেন, ইংরেজি, বিজ্ঞান, গণিতের মতো বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে চ্যালেঞ্জিং। তিনি বলেন, এ জন্য এসব বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, প্রায় আট হাজার স্কুলে গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষ ক্লাস নেওয়া হয়েছে। এতে পশ্চাৎপদ স্কুলগুলোতেও ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে। এ ছাড়া সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় শিক্ষার্থীদের বুঝতে এবং উত্তর দিতেও সহজ হচ্ছে। এসব কারণে ফল ভালো হয়েছে।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]