সঙ্গীতে নিজস্বতা তৈরি করেছেন কণ্ঠশিল্পী পুলক। মাত্র একটি একক এ্যালবাম করলেও সিনেমার গানে তাকে নিয়মিত পাওয়া যায়। অন্যদিকে পড়শি এ সময়ের জনপ্রিয় শিল্পী। অডিও ও চলচ্চিত্রে তার অবাধ বিচরণ। এই দুই শিল্পী এবারই প্রথম একসঙ্গে গেয়েছেন। এটি একটি সিনেমার গান।
রিয়েলিটি শো থেকে আসা জনপ্রিয় গায়ক পুলক জানান, গানটির নাম ‘তুমি এলে জীবনে’। রোমান্টিক এই গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কামরুল খান। যৌথভাবে সঙ্গীতায়োজন করেছেন বাবুল রাজা ও হৃদয়। এম কে জামান পরিচালিত ‘বিষাক্ত ইয়াবা’ চলচ্চিত্রে গানটি ব্যবহার করা হবে। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে পুলক বলেন, ‘পড়শি এই সময়ের বেশ জনপ্রিয় শিল্পী। আমি মূলত সুফি ঘরানার গান করি। আর ও সফট রোমান্টিক ধাচের। সে জন্যই হয়তো এতদিন আমাদের একসঙ্গে গাওয়া হয়নি। তবে আমাদের প্রথম গানটি এক কথায় দারুণ হয়েছে।’
অন্যদিকে পড়শি বলেন, ‘আমি পুলক ভাইয়ের গায়কীর ভক্ত। একটু দেরিতে হলেও তার সঙ্গে গান করেছি। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।’
ইআর





